বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বীরেন্দ্র শেবাগের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের বাকযুদ্ধ চলছেই। শোয়েব আখতারের পর এবার সাবেক পাক পেসার রানা নাভেদ-উল হাসানও তার ওপর চটেছেন। অযথা বক বক না করে ভারতের সাবেক ওপেনারকে মুখ বন্ধ করতে বলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওবার্তায় রানা নাভেদ বলেন, দুই বছর আগেও শেবাগ আমাদের নিয়ে আজেবাজে কথা বলেছে। এখন আমার মনে হয়, তার চুপ থাকা উচিত।
ধমকের সুরে বীরুর উদ্দেশে তিনি বলেন, খবরদার! আমাদের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজেবাজে কিছু বলবে না। আমরা কিংবদন্তিদের সম্মান দিই। তোমারও সেটিই করা উচিত। অনুগ্রহ করে মুখ বন্ধ কর।
কয়েক দিন আগে ভিডিওবার্তায় শেবাগ বলেন, শোয়েব আখতারের এখন ভারতে ব্যবসার প্রয়োজন। তাই সে আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। টিম ইন্ডিয়ার এত প্রশংসা করছে। যেকোনো সাক্ষাৎকারে ভারতীয় দলকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছে ও। কিন্তু খেলোয়াড়ি জীবনে এসব কথা বলত না।
তিনি বলেন, মোহাম্মদ ইউসুফ, সাকলাইন মুশতাক ও রানা নাভেদ–সবাই ভারতকে নিয়ে ভালো কথা বলছে। কারণ একটিই– তারা খুব ভালো করেই জানে, এগুলো বললে সেসব ভারতীয় মিডিয়ায় আসবে। ভারত থেকে যদি এক লাখ রুপি আয় করতে পারে, তা হলে সেটি পাকিস্তানে গিয়ে ২ লাখে পরিণত হবে।
শেবাগের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাল্টা মন্তব্য করেন শোয়েব। যদিও এটিকে স্রেফ রসিকতা হিসেবে ধরতে বলেন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আমার বন্ধু শেবাগের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সবাই জানেন, সে খুবই সাধারণ। সে কখনও সিরিয়াস ভঙ্গিতে কথা বলে না। কিন্তু ও বলেছে, টাকা পাওয়ার জন্য আমি ভারতের প্রশংসা করি। কিন্তু তার মাথায় রাখা উচিত– রিজিকের মালিক আল্লাহ। তার বরকতের ওপর কারও সম্পদের পরিমাণ নির্ভর করে না। ভারতের ওপরও নয়।
তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। শেবাগের মাথায় যত চুল রয়েছে, সেগুলোর চেয়ে সম্ভবত আমার টাকা বেশি। অবশ্য আমি এটি নিছক মজার ছলে বললাম। অনুগ্রহ করে, একে কৌতুক হিসেবে নেবে। বীরু, এটি কিন্তু জোকস। একে রসিকতার মধ্যে সীমাবদ্ধ রাখো।
তথ্যসূত্র: ব্যাটিং উইথ বিমল।
নগরকন্ঠ.কম/এআর