মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
তার যাত্রাটা শুরু হয়েছিল হান্টিং ক্যাম্পের মাধ্যমে। রবি-স্পিন হান্টের মাধ্যমে ক্রিকেটে পা রাখেন তিনি। তারপর জায়গা পেয়েছিলেন বিসিবির হাই-পারফরম্যান্স টিমে। নানা কাঠ-খড় পুড়িয়ে অবশেষে নাঈম আহমেদের অভিষেক হলো প্রথম শ্রেণির ক্রিকেটে। ২৩ বছর বয়সী ডান হাতি এই অফ স্পিনার সিলেট বিভাগের হয়ে খেলতে নেমে করেছেন বাজিমাত। দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে অভিষেক রাঙিয়ে তুলেছেন তিনি। একইসঙ্গে তার দলও ৯ উইকেটের জয় পেয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমেছিলেন নাঈম। প্রথম ইনিংসে সাব্বির হোসেন, পিনাক ঘোষ ও পারভেজ হোসেন ইমনের উইকেট শিকার করেছেন। চেষ্টা ছিল ৫ উইকেট নেওয়ার। কিন্তু সেটা আর পারেননি। তাই আফসোসে পুড়েছেন। সেই আক্ষেপকে শক্তিতে পরিণত করেছেন দ্বিতীয় ইনিংসে। যা কাজে লাগিয়ে শিকার করেছেন ৫ উইকেট। প্রথম শ্রেণির শুরুর ম্যাচেই ৮ উইকেট নিয়ে অভিষেকটা তিনি রঙিন করে নিলেন।
কোচ ও অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী বল করেই সফলতা পেয়েছেন উল্লেখ করে দেশ রূপান্তরকে বলেছেন, ‘এই ম্যাচটা জয়ের জন্য চট্টগ্রামকে অলআউট করা খুব জরুরী ছিল। আর জয়ে যেন আমি ভূমিকা রাখতে পারি সেই চেষ্টা করেছি। প্রথম ইনিংসেই ৫ উইকেট নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি বলে আক্ষেপ হয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে কোচের পরিকল্পনা অনুযায়ী বল করেছি। অধিনায়ক জায়গা ধরিয়ে দিয়েছেন। এতেই সফল হয়েছি।’
সিলেটের হেতিমগঞ্জের ছেলে নাঈম প্রতিটি ম্যাচেই এভাবে অবদান রাখতে চান জানিয়ে বলেন, ‘পরের ম্যাচটা আমাদের ঢাকা বিভাগের সঙ্গে। সেখানেও একইভাবে অবদান রাখার চেষ্টা করব।’