মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তী পুরুষ খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে তারেক মাসুদের নিজ জন্মস্থান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদরের নুরপুর গ্রামে এ অনুষ্ঠান পালন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় গুণীজন সম্মাননার।
বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার তারেক মাসুদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।
পরে তারেক মাসুদের সমাধিস্থলের পাশে অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি। এ সময় বক্তারা তারেক মাসুদের স্মৃতিচারণ করেন এবং সমাধিস্থলে একটি জাদুঘর নির্মাণের দাবি জানান।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ভাঙ্গায় তারেক মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন, মুক্তিযোদ্ধা ও ভাঙ্গার আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ ওয়াদুদ, ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন।
এছাড়া ভাঙ্গার তারেক মাসুদ ফাউন্ডেশন খ্যাতিমান লেখকদের নিয়ে ‘নির্বাচিত তারেক মাসুদ সংখ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের ব্যবহৃত মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনা তারেক মাসুদ ও মিশুক মুনিরসহ ৬ জন নিহত হন।
নগরকন্ঠ.কম/এআর