বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বর্তমান সরকার দেশের মাটি ও মানুষের শত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচার সরকার হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। এই সরকার দেশের আইন-শৃংখলা বাহিনীকে জনগণের কাছে শত্রুতে পরিণত এবং অসম্মানীত করে তুলেছে। এ ছাড়াও বিশেষ একটি গোয়েন্দা সংস্থার উপরনির্ভর করে সরকার টিকে আছে।
শনিবার রাজশাহী মহানগর ও জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মিনু বলেন পৃথিবীর কোনো স্বৈরাচার সরকার চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। তাদের নির্মম পরিণতি হয়েছে। এই স্বৈরাচার সরকারের দিন শেষ হয়ে এসেছে।
তিনি আরও বলেন, শুধু হত্যা, খুন, গুম, ধর্ষণ করে ক্ষ্যান্ত হচ্ছে না এই সরকার। হাজার হাজার কোটি টাকা লোপাট ও দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলেছে। অথচ খালেদা জিয়া কোনো প্রকার দুর্নীতি করা ছাড়াই শুধু প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে কারাভোগ করছেন। তার বয়স পঁচাত্তর বছর এবং রোগে আক্রান্ত হলেও এই ফ্যাসিস্ট সরকার জামিন দিচ্ছে না।
দ্রুতই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে এই আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর