মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সুইজারল্যান্ড এলাকায় উন্মুক্ত পরিবেশে এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে মেধাবী দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের সংকট তৈরি হচ্ছে। তাই মেধাবী, সৎ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ গ্রহণ করা উচিত। ব্যবসায়ী রাজনীতিবিদরা অর্থ দিয়েই সবকিছু বিচার-বিবেচনা করে। আর একজন ছাত্র প্রতিনিধি থেকে রাজনীতি করতে আসলে তিনি অবশ্যই দেশের জনগণের প্রকৃত প্রয়োজন অনুভব করে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে পারেন। এজন্য ছাত্র ও জাতীয় রাজনীতিতে মেধাবীদের কোনো বিকল্প নেই।
জাতীয় ছাত্র সমাজের জাবি শাখার সদস্য সবুজ সরকার শুভর সঞ্চালনায় আল মামুন আরও বলেন, বাংলাদেশ গড়ার ইতিহাসে পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের অবদান অতুলনীয়। তিনি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সহজ করতে উপজেলা ব্যবস্থা প্রত্যাবর্তন, ধর্মীয় সম্প্রতি বজায় রেখে রাষ্ট্রধর্ম ইসলামকে স্বীকৃতি দেয়া, মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান দেয়া; এমনকি প্রথম শাসক হিসেবে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, তৎকালীন কৃষি নির্ভর দেশে কৃষকদের যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি কৃষি কাজে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত কল্পে সাফল্যের সঙ্গে নিরলস কাজ করেছেন পল্লীবন্ধু এরশাদ।
জাতীয় ছাত্র সমাজের জাবি শাখার সদস্য সচিব শহিদ হাসান সৈকতের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাবি শাখার আহ্বায়ক মাসউদী হাসান মামুন।
তিনি বলেন, আমাদের জাতীয় ছাত্র সমাজ এক ঝাঁক মেধাবীদের সমন্বয়ে মাদক মুক্ত, অহিংস ছাত্র সংগঠন। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে রাজনীতি করলে জনগণ আমাদের দিকে স্রোতের গতিতে ধাবিত হবে। আর এই লক্ষ্যকে সমনে রেখে পথ এগোলে আগামীর সব নির্বাচনে জাতীয় পার্টিকে বিপুল ভোটে জয় লাভ করানো সম্ভব।
আলোচনা সভায় জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা শিশুদের ও রিকশাচালকদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়।
নগরকন্ঠ.কম/এআর