মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেট নগরীর জলাবদ্ধতা রোধ করতে নগরীর ছড়া, খাল ও অবৈধ স্থাপনা উদ্ধার কার্যক্রম চলছে। ১৯৫৬ সালের রেকর্ড অনুযায়ী ছড়া-খালের গতি পরিবর্তন করে সেখানে যারা প্রাসাদ নির্মাণ করেছেন সেসব ভবন গুড়িয়ে দেয়া হবে। ফিরিয়ে আনা হবে ছড়া ও খালের গতি। ফলে নগরবাসী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবেন।
বুধবার দিনভর নগরীর কানিশাইল এলাকার গাভিয়ার খাল ও ছড়া উদ্ধার অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘জরিপ অনুযায়ী নগরীর সকল ছড়া-খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ চলছে। তবে স্থানীয়দের অনুরোধে আজকের গাভিয়ার খালের অভিযান আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়। এর মধ্যে যদি দখলকারীরা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন তবে তা আবারও উচ্ছেদে নামবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
সিসিক মেয়র আরও বলেন, ‘নগরীর সকল খাল ও ছড়া উচ্ছেদ করার কাজ চলছে। ছড়ার উভয় পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে এর তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন করা হবে।’ নগরীকে ‘লেক সিটি’ হিসেবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া পর্যটন নগরী গড়তে এসব ছড়ার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দৃষ্টিনন্দনও করা হবে।
অভিযানে সিসিকের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মাসুদা সুলতানা সাকি, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এসএমপির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত কয়েক বছর ধরে সিলেট নগরীতে জলবদ্ধতা অন্যতম সমস্যা দেখা দিচ্ছে। আর এই সমস্যার অন্যতম কারণ নগরীর মধ্য দিয়ে প্রবাহিত অসংখ্য ছড়া ও খাল অবৈধ দখলদারের কবলে। তাই সঠিকভাবে পানি নিষ্কাশন হয় না। তাই সিসিক এসব অবৈধ স্থাপনা উদ্ধারে ব্যাপকভাবে উদ্যোগ নেয়ায় ইতিবাচক প্রভব পড়েছে নগরবাসীর নিকট।
নগরকন্ঠ.কম/এআর