বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু মেডিক্যালে সর্বাধুনিক ক্যাথল্যাব উদ্বোধন

স্বাস্থ্য ডেস্ক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে সর্বাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-১ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এটি উদ্বোধন করেন।

সর্বাধুনিক এই ক্যাথল্যাবে যতটা সম্ভব কম মাত্রার রেডিয়েশন ব্যবহার করেই রোগীদের এনজিওগ্রাম ও হার্টে রিং পড়ানো সম্ভব হবে। পাশাপাশি উন্নত মানের ও সুস্পষ্ট ইমেজ পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করছে। রোগীদের কল্যাণের কথা ভেবেই কার্ডিওলজি বিভাগে কার্ডিয়াক ক্যাথল্যাব-১ চালু করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, সর্বাধুনিক ক্যাথল্যাবটি চালু হওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে উন্নত চিকিৎসাসেবা কার্যক্রম আরো সমৃদ্ধ হলো। এর মাধ্যমে রোগীদের জন্য সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ও গ্রন্থাগারিক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অধ্যাপক ডা. এম এ মুকিত, সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার, কনসালট‌্যান্ট শেখ ফয়েজ আহমেদসহ অন‌্যান‌্য শিক্ষক, চিকিৎসক, আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, টেকনিশিয়ান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com