শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সৌদি আরবে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগে বিপুল সংখ্যক অ্যাকাউন্টের বিরুদ্ধে তদন্তে নেমেছে টুইটার। প্রাথমিকভাবে ৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মাইক্রো ব্লগিং ও সোস্যাল নেটওয়ার্কিং এ সাইট। এর আগে হংকং বিক্ষোভের সময় একই অভিযোগে বিপুল পরিমাণ চীনা অ্যাকাউন্ট বন্ধ করেছিল টুইটার।
এক বিবৃতিতে বলা হয়েছে, টুইটারের অভ্যন্তরীণ নীতি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মতো বিষয়কে কোনোভাবেই সমর্থন করে না। এটা আইনসম্মত নয়। তবে দেশে দেশে এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের মতো কার্যক্রমে যুক্ত। বিশেষত বিভিন্ন দেশের সরকারি পৃষ্ঠপোষকতায় এসব অ্যাকাউন্ট টুইটারে নজরদারি কার্যক্রম পরিচালনা করে।
সৌদি আরবে সক্রিয় এমন ৮৮ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে টুইটার। এরই মধ্যে ৫ হাজার ৯২৯টি অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এসব অ্যাকাউন্ট টুইটারের নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে যুক্ত ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি টুইটার কর্তৃপক্ষ। এমনকি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র: সিএনএন
নগরকন্ঠ.কম/এআর