শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দুই দিনব্যাপী অ্যাডা লাভলেস সেলিব্রেশন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে শুরু হয়েছে ‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২০’। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়েছে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে।

তথ্যপ্রযুক্তি খাতের সফলদের সঙ্গে নতুনদের নেটওয়ার্ক, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারী শিক্ষার্থীদের জন্য মূলত এ আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদিনের বিভিন্ন সেশনে যোগ দেবেন তথ্যপ্রযুক্তিতে প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্বগণ।

আজ সকাল থেকেই শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে শুরু হয়ে গেছে উৎসবের। উদ্বোধনের পরপরেই বিভিন্ন সেশন রুমে একই সাথে চলছে সেমিনার, পোস্টার প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং ক্যারিয়ার সেশন। ক্যারিয়ার সেশনে উপস্থিত আছে ইএমকে সেন্টার। দেশের বাইরে পড়তে যেতে কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে নির্দেশনা দিচ্ছেন তারা। সারাদিনের বিভিন্ন ক্যারিয়ার সেশনে আরো উপস্থিত থাকবে কাজি আইটি সেন্টার, ব্রেইনস্টেশন ২৩ এবং অগমেডিক্স। অনুষ্ঠিত হবে চাকরি মেলা। যেখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), উইডেভস, ক্রিয়েটিভ আইটি, দোহাটেক, ডি.নেট, স্কাইলার্ক সফট লিমিটেড, অন্যরকম গ্রুপ, ওয়ার্কস্টেশন ১০১, ইন্ট্রারেক্টিভ আর্টইফেক্ট, বিটেকনোলজি সহ আরো অনেক স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেয়ার সুযোগ থাকবে। এছাড়াও থাকছে মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং বিষয়ক ওয়ার্কশপ, আড্ডা এবং নেটওয়ার্কিং।

সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন সেশনে উপস্থিত থাকবেন- যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফাহমিদা নিলুফার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার তানজিলা ফারাহ, মার্কস অ্যান্ড স্পেন্সার (বাংলাদেশ এবং মায়ানমার) এর কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট এর পিএইচডি স্টুডেন্ট ইন কম্পিউটার সায়েন্স তামান্না মোতাহার, ইউনিভার্সিটি অব রচেষ্টার এর পিএইচডি স্টুডেন্ট মোহাম্মদ রাফায়েত আলি, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সেউতি সবুর প্রমুখ। এছাড়াও তথ্যপ্রযুক্তিতে অবদান রেখেছেন এমন ১০ জন নারী ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে এ উৎসবে।

উৎসবের বিস্তারিত জানা যাবে http://alc.bdosn.org সাইটে। এই আয়োজনের সাথে রয়েছে- ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, হার স্টোরি, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ওয়ালেটমিক্স, প্রোগ্রামিং প্ল্যাটফর্ম টফ ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com