শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

২১ হাজার শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ বাসে আইসিটি প্রশিক্ষণ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক , নগরকন্ঠ.কম : ভ্রাম্যমাণ উপায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজপড়ুয়া ২১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে আইসিটি বিভাগ।

ভ্রাম্যমাণ দুটি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে মোট এক হাজার ২২৬টি সেশনে তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

সোমবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে হুয়াওয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে হুয়াওয়ে এবং আইসিটি বিভাগের মধ্যে একটি চুক্তি সই হয়। আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের সহযোগিতায় সেই সময় থেকে তিন বছর মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ও রবি।

মোট ছয়টি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে সরাসরি হুয়াওয়ের তত্ত্বাবধায়নে ছিল দুটি বাস। ‘পদ্মা’ ও ‘রূপসা’ নামের ওই ডিজিটাল ট্রেনিং বাস দুটি দেশের প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে তিন বছরে স্কুল-কলেজপড়ুয়া মোট ২১ হাজার ২৩৮ ছাত্রীকে তথ্যপ্রযুক্তিবিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে।

এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনে তারা স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ প্রশিক্ষকদের। গত সপ্তাহে তিন বছর মেয়াদি এ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি আইসিটি বিভাগের কাছে ডিজিটাল ট্রেনিং বাস দুটি হস্তান্তর করেছে হুয়াওয়ে।

১ জানুয়ারি আইসিটি বিভাগে এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের পরিচালক মো. আখতার মামুনের কাছে বাস দুটি হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ঝাং কিডি। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com