শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে একীভূতকরণের দাবিতে চলমান আমরণ অনশন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
শনিবার বিকালে বিশেষজ্ঞ কমিটির আশ্বাসে শিক্ষার্থীরা এই অনশন প্রত্যাহার করে নেয়। সাত দিনের অনশন শেষে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা আলোচনা সভা শেষে বিস্কিট এবং পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
এসময় সদস্যরা বলেন, আমাদের পক্ষে সরাসরি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই। আমরা শুধুমাত্র সুপারিশ করতে পারি। তবে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো অনুধাবন করেছি এবং যাতে এই সমস্যার সমাধান হয় সেই অনুযায়ী সুপারিশ করেছি। এসময় তারা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান করেন এবং নতুন উপাচার্য নিয়োগ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
এ বিষয়ে ইটিই বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ দলের অনুরোধে আমরা আপাতত অনশন প্রত্যাহার করেছি। তবে আন্দোলন বন্ধ করছি না। নতুন উপাচার্য নিয়োগ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
প্রসঙ্গত, ইইই এবং ইটিই বিভাগকে একীভূতকরণের দাবিতে গেল বছরের ১৭ অক্টোবর থেকে আন্দোলন করছে ইটিই বিভাগের শিক্ষার্থীরা। বিভাগ দুটির সম্ভাব্যতা সম্পর্কে মতামত প্রদানের জন্য গত ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বশেমুরবিপ্রবির ইইই, ইটিইসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতিদের সমন্বয়ে ১৬ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এবং তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৫ জানুয়ারি।
নগরকন্ঠ.কম/এআর