শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেন, চরভদ্রাসন এলাকার সার্বিক উন্নয়ন করা আমার ঈমানী দায়িত্ব। চরভদ্রাসনের মানুষের প্রাণের দাবিগুলো পূরণ করার জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আমি বিশ্বাস করি জনগণের জন্য কাজ করলে সেই উন্নয়ন বাধা দিয়ে কখনও আটকে রাখা সম্ভব নয়।
সোমবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাদের প্রাণের দাবি ছিল নদী শাসনের স্থায়ী বাঁধ নির্মাণ যা গতবছরে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় ৩শত কোটি টাকার বরাদ্দ এনেছি। সেই বাঁধ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এর মধ্যে একশত পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণ ও একশত পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নদী ড্রেজিং এর কাজ করা হবে।
সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, আমি প্রতিবছর আপনাদের এই কলেজের ক্রীড়া অনুষ্ঠানে আসি। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এই কলেজের শিক্ষার্থীদের জন্য ছয় তলা একটি ভবন করে দিবো। ইনশাআল্লাহ আপনাদের এই ভবন পাশ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনে রাস্তার বিষয়ে আলাপ করেছি অতিশীঘ্রই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। ঢাকা থেকে চরভদ্রাসনে আমাকে আসতে হলে ভাঙ্গা ও সদপুর ঘুরে আসতে হয় আবার চরভদ্রাসনের মানুষকে ঢাকায় যেতে হলে অনেক কষ্ট করতে হয়। আপনাদের দাবী ছিল গোপালপুর টু মইনুট ঘাটে ফেরি চালু করা।
তিনি আরও বলেন, আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে রোডস এন্ড হাইওয়ে থেকে ঘাটে দুটি ফেরি ও পল্টুন এনে রেখেছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের একজন নেতা আছে যে তার জোর দিয়ে সেই ফেরি বাতিল করে দিয়েছে। একটি ভুল রিপোর্ট দিয়ে বলা হয়েছে রোডস এর ফেরি এই রুটে চললে দুর্ঘটনায় মানুষ মারা যাওয়া আশংকা রয়েছে। নৌ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে আগামী সপ্তায়ে বিআইডাব্লুটিএর সার্ভে টিম আসবে । খুব শীঘ্রই এই নদীতে বড় ফেরি চালু করা হবে।
চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বিলাল হোসেন এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপাধ্যক্ষ এসএম সাইদুর রহমান।
নগরকন্ঠ.কম/এআর