শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাস্তার জমি দখল করে ৬টি পরিবার বাড়ি নির্মাণ করে বাস করায় ৫০ হাজার মানুষের পারাপারের জন্য একমাত্র বাঘিতলা কালভার্টটি দীর্ঘদিন যাবত অকেজো হয়ে পড়ে আছে বলে অভিযোগ উঠেছে। ২০১৬-১৭ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কালভার্ট নির্মাণ প্রকল্পের আওয়াতাধীন ৫০লাখ ৯৪ হাজার ৫শ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়।
এ কালভার্টের ওপরে এখন শুকানো হচ্ছে ধান ও খড়ি। সরজমিনে দেখা গেছে, শিবগঞ্জের কানসাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঘিতলায় নির্মাণকৃত কালভার্টের পূর্বদিকের রাস্তা ফাঁকা থাকলেও পশ্চিম দিকে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে বাস করছে ৬টি পরিবার।
পরিবারের মালিকরা হলো- জালাল উদ্দীন, তৈয়ব আলী, রুপচান, বারিক, শুকমার ও শফিকুল। তারা সরকারি রাস্তা না ছাড়ায় চলার পথ করতে পারেনি শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতর। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দেখা গেছে কালভার্টটির পশ্চিম পাশে একটি নুরানী মাদ্রাসার প্রায় ১হাজার শিক্ষার্থী ও বাঘিতলা বাজার এলাকার কয়েক হাজার মানুষ শুধু রাস্তার মাঝে ৬টি বাড়ি থাকার কারণে ঐ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না।
স্থানীয় বাসিন্দা জামাল, মিল্টন ও মতিউর অনেকেই জানান অবৈধ দখল উচ্ছেদ না হওয়ায় ৫০লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি জনগণের কোন কাজে আসছে না।বরং জনগণের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
রাস্তা দখল করে বাস করার কথা স্বীকার করে জাহান, রুপচান ও শফিকুলসহ তারা সবাই জানান, তাদের কোন বসতভিটা না থাকায় নিরুপায় হয়ে এখানে বাস করছি। যদি সরকার আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিলে আমরা তৎক্ষণাৎ এ স্থান ছেড়ে দিবো।
এব্যাপারে কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান বৃহত্তর জনস্বার্থে দ্রুতই স্থানীয় প্রশাসনে সাথে যোগাযোগ করে একদিকে রাস্তা চালু করা ও তাদের বাসস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান,‘কালভার্ট আছে রাস্তা নাই’এটি মূলত ইউপি চেয়ারম্যানের দেখার কথা। তার পরেও আমি সরজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেব।
নগরকন্ঠ.কম/এআর