বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেছেন, বেসরকারি ব্যাংকের কিছু পরিচালকের কাছে ব্যাংকের ঋণ কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে।
এতে ভালো উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। এটা ব্যাংকিং খাতের জন্য অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এ ছাড়া অনেক পরিচালকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ঋণ নেয়ার অভিযোগও রয়েছে।
এভাবে চলতে থাকলে এক সময় আমানতকারীরা ব্যাংকে রক্ষিত তাদের আমানত আর ফেরত পাবেন না। বিষয়টি নিকট অতীতে ফারমার্স ব্যাংক এবং বর্তমানে পিপলস লিজিংসহ বেশকিছু আর্থিক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংকের পরিচালকরা নিজের ব্যাংক থেকে কোনো ঋণ পাবেন না এবং অন্য ব্যাংক থেকে পরিচালকের ঋণ নেয়ার সীমা সংকুচিত করার বিধান রেখে নীতিমালা জারি করা উচিত।
এ কাজটি বাংলাদেশ ব্যাংককেই করতে হবে। এটা শুধু ব্যাংকই নয়, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বীমাসহ যে কোনো আর্থিক খাতের প্রতিষ্ঠানের পরিচালকের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হতে পারে।
নগরকন্ঠ.কম/এআর