শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে শুধু বিদেশি নাগরিকদের আবেদন করার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না। নির্বাচন কমিশনের আইন উপেক্ষা করে বিদেশি পর্যবেক্ষক কোটায় আবেদন করেছেন অনেক বাংলাদেশি।
নির্বাচন কমিশনের ‘সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়াল’ থেকে পাওয়া তথ্যানুসারে, বিদেশি পর্যবেক্ষক হিসেবে শুধুমাত্র বিদেশি নাগরিকদের আবেদনের কথা স্পষ্ট করে উল্লেখ থাকলেও ঢাকায় বিভিন্ন দেশের হাই কমিশন ও অ্যাম্বাসিতে কর্মরত বাংলাদেশিরা আবেদন করছেন বিদেশি পর্যবেক্ষক হিসেবে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচন ম্যানুয়েলের ১২ নম্বর অনুচ্ছেদে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা অথবা কূটনৈতিক মিশনে কর্মরতরা কেউ বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে পারবেন না। তবে আন্তর্জাতিক সংস্থা অথবা কূটনীতিক মিশনে কর্মরত বিদেশী কর্মকর্তা ও কর্মচারী বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে পারবেন এবং স্থানীয়রা স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হইবেন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বিদেশি পর্যবেক্ষকদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় দশজনের মত বাংলাদেশি নাগরিক রয়েছেন যারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশনে দেয়া আবেদনপত্রে দেখা যায়, নরওয়ে দূতাবাসে কর্মরত ফারুক হাসান নামের এক কর্মকর্তা বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন। অথচ তার নাগরিকত্ব বাংলাদেশি। এ ছাড়া তার বাসস্থানের ঠিকানাও খোদ রাজধানীর গুলশানে রোড ১২১, বাড়ি নাম্বার ৭এর ঠিকানা দেয়া হয়েছে। এ ছাড়া মোস্তাফিজুর রহমান নামের আরেকজন নরওয়ে দূতাবাসের কর্মপরিচয় দিয়েই ঢুকেছেন বিদেশী পর্যবেক্ষকের তালিকায়। অথচ তিনিও বাংলাদেশি নাগরিক। তার বাসস্থানের ঠিকানা দেয়া হয়েছে এল-৬/বি খ-২৬০/১, শাহজাদপুর, গুলশান।
নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিদেশী পর্যবেক্ষকদের জন্য বিধিতে আছে তারা যেতে পারবে, তাদের নিবন্ধন প্রয়োজন হবে না। স্থানীয় পর্যবেক্ষকরা তো বাইরে থেকে আসেনি, তারা এখানকার। বিভিন্ন দূতাবাসে যারা আছেন তারা এখানকার। তারা তালিকা দিলে আমরা পরীক্ষা করে তাদের অনুমতি দিতে পারি। সে অনুমতি আছে, গাজীপুরসহ বিভিন্ন সিটি নির্বাচনেও তারা পর্যবেক্ষন করেছে। তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে। তারা যেন বিধির বাইরে যেয়ে কোন রকম আচরন করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্কতা থাকবে।’
নগরকন্ঠ.কম/এআর