শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। এদের মধ্যে ২ জনকে ৬ মাস ও অপর ২ জনকে ৩মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে । সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয় তাদের।
সাজা প্রাপ্তরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত উপজেলার আজিজপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র জিল্লুর রহমান, একই গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র আব্দুল মালেক এবং ৩ মাসের কারাদন্ডপ্রাপ্ত নাটোর সিংড়া উপজেলার মহিশমারী গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মহাসিন আলী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ববর আলী মল্লিককান্দী গ্রামের চাঁদ মিয়া মাতব্বরের পুত্র আব্দুর রহিম।
ভ্রাম্যমাণ আদালতের তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর