শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

উপজেলা ভূমি অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলার চরফ্যাশন উপজেলা ভূমি অফিস সহকারী মো. শামিম মাহমুদ শিমুলের বিরুদ্ধে মাদক সেবন করে মায়ের জমি ও দোকান দখল করতে মাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মাকে নির্যাতনের প্রতিবাদে এগিয়ে এলে ছোটভাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তিনি। ছেলের বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছে মা মোছা. সাহানা পারভীন।

বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন মা সাহানা পারভীন। তিনি চরফ্যাশন উপজেলা পৌরসভার ৫নং ওয়ার্ডের শরীফপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা।

সাহানা পারভীন লিখিত অভিযোগে বলেন, তার দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে শামিম মাহমুদ শিমুল উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী । ছোট ছেলে মো. মাহমুদুল হাসান তার সঙ্গে থাকে। বিগত ১৬ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে আলাদা থাকেন বড় ছেলে শিমুল। চরফ্যাশনের শরীফপাড়ায় সাহানা পারভীনের ৮২ শতাংশ জমির উপর বসত বাড়ি ও কিছু দোকানপাট রয়েছে। যেগুলোর ভাড়া দিয়ে সংসার চালান মা। তিনি জানান, বড় ছেলে দীর্ঘ দিন যাবত জমি ও দোকান ঘর তার নামে লিখে দিতে চাপ দিয়ে আসছে। জমি না দেওয়ায় স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তার মাদকাসক্ত বন্ধুদের দিয়ে মা ও অন্য সন্তানদের উপর নির্যাতন চালাচ্ছে। গত কিছু দিন আগে শিমুল স্থানীয় মাস্তানদের দিয়ে তার দোকানের ভাড়াটিয়াদের মারধর করে দোকানের তালা ভেঙ্গে তিনটি দোকান দখলে নিয়েছে। এছাড়াও সে দোকানের ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। প্রতিনিয়ত শিমুল মাকে মানসিক নির্যাতন ও গালমন্দ করে। এসবের প্রতিবাদ করায় ছোট ছেলে মাহমুদুল হাসানকেও সে ও তার সঙ্গে থাকা সন্ত্রাসী বন্ধুদের দিয়ে মারধর করে এবং প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ছেলের বিরুদ্ধে মা আরও অভিযোগ করে বলেন, তার বড় ছেলে শামিম মাহমুদ শিমুল মাদকের সাথে জড়িত। এলাকার কিছু মাদকাসক্ত বন্ধুদের সাথে নিয়ে প্রতিদিন সে মাদক সেবন করে। এ কারণে তার অনেক টাকার প্রয়োজন। সে সরকারি চাকরি করার পরেও মাদকের টাকা যোগার করতেই দোকান ও জমি দখল করতে পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি ও আমার অন্য সন্তান এলাকায় বসবাস করতে পারছি না। বর্তমানে নিরাপত্তাহীনতায় অন্য জায়গায় বসবাস করছি আমি।

অভিযুক্ত ছেলে মো. শামিম মাহমুদ শিমুলের যোগাযোগ করলে সে এব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শামিম মাহমুদ শিমুলের বিরুদ্ধে তার মা লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে শিমুলকে মনপুরায় বদলী করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com