শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাচারের ১৫ মাস পর ভারত থেকে দেশে ফিরেছেন ৮ম শ্রেণির ছাত্রী সোহাগী খাতুন। বৃহস্পতিবার বিকালে ভারতীয় পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
সোহাগী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাইকারঢারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবী গ্রামের সহিদুল ইসলাম ভুট্টুর মেয়ে। ২০১৮ সালের ১৪ অক্টোবর তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়।
হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, সোহাগী খাতুনকে ২০১৮ সালের ১৪ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে ফকিরপাড়া গ্রামের গিরিনের ছেলে প্রদীপসহ কয়েকজন। অপহরণের পর তাকে ভারতে পাচার করা হয়।
এরপর ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ভারতের শিলিগুড়ির পায়েল সিনেমা হলের কাছ থেকে সোহাগীকে উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে ফেরত আনতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার বিকালে ফেরত দেওয়া হয়।
বাংলাদেশের পুলিশ সোহাগী খাতুনকে আদালতে প্রেরণ করবে বলে জানা গেছে। এ ঘটনায় একটি অপহরণের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল।
বুড়িমারী স্থলবন্দর পুলিশের ইনচার্জ খন্দকার আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগরকন্ঠ.কম/এআর