সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস ইস্যুতে চীনের উহানে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ৩৭০ জন দেশে ফিরতে চান। আর ১৫ জন আসবেন না বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, চীন সরকার যখন অনুমতি দেবে তারা তখন দেশে আসবেন। এখন পর্যন্ত আমাদের হিসাবে ৩৭০ জন নাগরিক দেশে আসার জন্য তালিকাভুক্ত হয়েছেন। তাদের সংখ্যা বাড়তে পারে। তাদের আলাদাভাবে রাখতে হাসপাতালে বিশেষ আয়োজন করেছি। আনার পরে দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর। তবে আনন্দের বিষয় আমাদের কেউ আক্রান্ত হননি।
মন্ত্রী আরও জানান, আমাদের ১৫ নাগরিক আসবেন না। তাদের বক্তব্য, তারা দেশে ফিরলে যদি করোনা ভাইরাসে অসুস্থ হয়ে যান, তবে দেশের ক্ষতি।
চীনের সঙ্গে যাতায়াত বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সেরকম কোন পরিকল্পনা নেই।
নগরকন্ঠ.কম/এআর