শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শত্রুতার জেরে ৬১ বছরের বৃদ্ধের পা কেটে ফেলল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে মনি মিয়া ফকির (৬১) নামে এক কৃষককে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মনি মিয়া কোটাকোল ইউপির করগাতি গ্রামের মৃত মতলেব ফকিরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে চরদিঘলিয়া সমিতির ঘরের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মনি মিয়ার পথরোধ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখমসহ ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনি মিয়া অভিযোগ করে বলেন, আমাকে কাইয়ুম খাঁ, আলীম, নয়ন, সাহেব খাঁ, হৃদয়, মশিয়ার, শিমুল, আজিবর, উজ্জ্বল, চুন্নু মোল্যা কুপিয়ে জখম করেছে এবং কাছে থাকা ৩২ হাজার টাকা কেড়ে নিয়েছে।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুমনা খানম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com