শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিল প্রার্থী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের পর নাবিস্কোর পাশের রহিম মেটাল মসজিদ এলাকা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, ওই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তালুকদার সারওয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। সেই সঙ্গে ঢাকা উত্তরের ২৪ নম্বর ওয়ার্ডে কাটা চামচ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি লড়ছেন। তবে সেখানে ঠেলাগাড়ি প্রতীকের সফিউল্লাহকে সমর্থন দিচ্ছে ক্ষমতাসীন দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজের পর নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা মুখোমুখি অবস্থানের সময় তালুকদার সারওয়ার হোসেন তার কাছে থাকা একটি অস্ত্র বের করে প্রদর্শন করে। যদিও অস্ত্রটি লাইসেন্স করা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে ভোটের আগে এভাবে অস্ত্র প্রদর্শন বা বৈধ অস্ত্র দিয়ে কাউকে হুমকি ধমকি দেওয়া নির্বাচনী অপরাধ। এ কারণে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
অস্ত্রটি বৈধ দাবি করে স্বপন নামে সারোয়ারের এক নির্বাচনকর্মী সাংবাদিকদের কাছে দাবি করেছেন, সফিউল্লাহর সমর্থকরাই সারোয়ার হোসেনের উপর হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সারওয়ার হোসেনকে মারধর করেছে। অথচ হামলাকারীদের বিরুদ্ধে থানা কোন মামলা নিচ্ছে না।
সারওয়ারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সারওয়ার জুম্মার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী সফিউল্লাহর সমর্থকরা তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তিনি আহত হন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে সফিউল্লাহ দাবি করেছেন, সারওয়ার অস্ত্র প্রদর্শন করে তার লোকজনকে হুমকি দিয়েছে।
তিনি বলেন, নামাজ শেষেও তিনি মসজিদের ভেতরে ছিলেন। এ সময় সারওয়ার কয়েকজনকে সঙ্গে নিয়ে বাইরে থেকে মসজিদের সামনে এসে হঠাৎ করে অস্ত্র বের করে ‘গুলি করব, গুলি করব’ বলে চিৎকার করছিল।
নগরকন্ঠ.কম/এআর