সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সামনে রেখে বাসাবাড়ি ও আবাসিক হোটেলে তল্লাশি করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালাতে বলা হয়নি।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে পৃথক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া আওয়ামী লীগের মুজিববর্ষের জনসভা করা উচিত হয়নি।
নেতাকর্মীদের ধরপাকড় সম্পর্কে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের মাঠে অপরাধী, সন্ত্রাসী বা বোমাবাজরা এলে পুলিশ তাদের নজরদারিতে রাখবে- এটাই স্বাভাবিক। তবে বাসাবাড়িতে, হোটেলে-হোস্টেলে তল্লাশি করা হচ্ছে না।
গতকালও (বুধবার) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বলা হয়েছে, প্রয়োজন ছাড়াই কেউ যাতে ঢাকায় না আসে। ভোট কেন্দ্রের চারপাশে নিষ্প্রয়োজনে জটলা যেন না হয়। ভোট দিয়ে যাতে সবাই ভোটকেন্দ্র ত্যাগ করে, এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। তবে পুলিশি অভিযান চালাতে বলা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে অপরাধী, সন্ত্রাসী বা বোমাবাজরা প্রবেশ করবে- এমন তথ্য নেই।
সিইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অভিযোগ মোটেই সত্য নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে দায়িত্ব দেয়া আছে, আইনকানুন মেনে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা কারও সহায়ক বা পক্ষে-বিপক্ষে কাজ করছি না। বিধিতে, আইনে যে দায়িত্ব অর্পিত আছে, তা পালন করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের জনসভা করার বিষয়ে কিছু জানায়নি। বিএনপি আমাদের বলেছে, আওয়ামী লীগ জনসভা করছে। পরে জানতে পারি, মুজিববর্ষ উপলক্ষে জনসভা করছে আওয়ামী লীগ। তবে সেটা নির্বাচন সংক্রান্ত নয়। মুজিববর্ষের সভায় নির্বাচনের বিষয়ে কিছু না বললেও সেটা আচরণবিধি ভঙ্গ হবে, এ ধরনের কিছু আলাদাভাবে আচরণবিধিতে বলা নেই।
তবে আমি মনে করি, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সভা না করাই উচিত ছিল। করার প্রয়োজন থাকলে নির্বাচন কমিশনের অনুমতি নেয়ার দরকার ছিল। পরামর্শ নেয়ার দরকার ছিল। সেটা তারা করেননি। আমরা বিষয়টি জানতামই না। বিএনপির প্রতিনিধিদের কাছ থেকে জানতে পেরেছি।
বিদেশি পর্যবেক্ষকদের সম্পর্কে সিইসি বলেন, বিধিতে বলা আছে, ভোটকেন্দ্রে বিদেশি পর্যবেক্ষকরা যেতে পারবেন। এজন্য তাদের নিবন্ধনের প্রয়োজন নেই। আর বাইরে থেকে বিদেশি পর্যবেক্ষক আসেনি। এখানকার বিদেশিরা (দূতাবাসের কর্মকর্তা) এসেছেন। তারা যে তালিকা দেয়, সে অনুযায়ী অনুমতি দেয়া হয়। দেশীয় পর্যবেক্ষকরা বিধি মোতাবেক দায়িত্ব পালন করতে পারবেন। তাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে সিইসি বলেন, অন্য সময়ের চেয়ে সিটি নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু মনে হয়। প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। ভোটাররা নিজেদের প্রার্থীকে বিজয়ী করার জন্য মিছিল-মিটিং করছেন। কোনো বাধা দেখছি না।
নগরকন্ঠ.কম/এআর