বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সারাদেশে আনন্দোৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সত্য, ন্যায়, বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতালসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়। বাসা বাড়িসহ পাড়া মহল্লায় চলছে বিদ্যার দেবীর আবাহন।
আমাদের ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানিয়েছেন, ভাণ্ডারিয়ায় মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞান লাভে পুষ্পাঞ্জলি দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর,সহকারী অধ্যাপক হাসিনা বেগম, প্রভাষক মুরাদ হোসেন, ইসরাক হোসেন, কর্মকর্তা জাকির হোসেন, প্রভাষক মানষ কুমার বিশ্বাস, কমল মিস্ত্রী, অমিতা কর্মকার, কর্মকর্তা স্বপন কুমার মণ্ডল, স্মৃতি রানী বল প্রমুখ। এছাড়াও পৃথক ভাবে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও পৌর শহরের বিভিন্ন স্থানে তরুণ-তরুণী ও যুবারা নিজস্ব আয়োজনে এ পূজা উদযাপন করেন।
মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার মাদারীপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে পূজা, অঞ্জলি প্রদান শেষে প্রসাদ বিতরণ করা হয়। বুধবার মন্দিরে প্রতিমা এনে স্থাপন করা হয়। পূজা শেষে সদর উপজেলার প্রায় ৫১টি পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত ডিআইও আবদুর রাজ্জাক মীর জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কঠোর নজরদারিতে আনন্দঘন ও সৌহার্দ পূর্ণ পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সারাদেশে আনন্দোৎসবে বাণী অর্চনা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, উৎসব মুখর পরিবেশে নীলফামারীতে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞানের দেবী সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের দেবীর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। মাঘের কনকনে শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সনাতন ধর্মের শিক্ষার্থীরা সমবেত হয়ে বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
নগরকন্ঠ.কম/এআর