বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারতীয় জাল রুপি ও জাল রুপির তৈরির সরঞ্জামাদিসহ চারজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের এরাদত বিশ্বাসেরটোলা গ্রাম ও কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে পৃথক অভিযানে সংশ্লিষ্ট চারজন জাল রুপি তৈরির সরঞ্জামাদিসহ ধরা পড়ে।
আটক ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার কালুপুর উত্তরপাড়া পাইলিং মোড় মহল্লার শাহাবুদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৪০), বিনোদপুর ইউনিয়নের এরাদত বিশ্বাসের টোলার তসলিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫২), মাইনুল ইসলাম (৩৭) ও কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরের সরফুর ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এ তথ্য জানান।
এসময় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট ইউনিয়নের বাঁশপট্টি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাদেকুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা এক লাখ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে শনিবার দিবাগত রাত ২টার দিকে বিনোদপুর ইউনিয়নের এবাদত বিশ্বাসটোলা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে জামাল ও মইনুলকে জাল রুপি তৈরি করা অবস্থায় আটক করা হয়। এ সময় আরও ৩ লাখ ৬ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এসব জাল রুপি তারা সীমান্তে বিভিন্ন চোরাচালান ও গরুর বিট-খাটালে ব্যবহার করতো। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর