শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চীনে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার এ সতর্কবস্থা জারি করা হয়। ভারত হয়ে যেসব বিদেশি পর্যটক বাংলাদেশে প্রবেশ করছে তাদের চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
কয়েক সপ্তাহ ধরে শুধুমাত্র দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে আসা সকল ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা। তবে বেনাপোল চেকপোস্টে থার্মার স্কানার মেশিনটি সচল থাকলেও তার মনিটরটি অচল থাকায় পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হচ্ছে না।
বেনাপোল একটি আন্তর্জাতিক চেকপোস্ট। এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করে। করোনা ভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান মেডিক্যাল অফিসার আব্দুল মজিদ।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা জানান, চীনে করোনা নামে একটি ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে চিঠি পাঠিয়েছে সতর্কতা অবলম্বন করার জন্য। বেনাপোল চেকপোস্টেও সেই সতর্কতা পালন করা হচ্ছে।
এ রোগে সাধারণত মাথা ব্যথা, ঠাণ্ডা কাশি অনুভবসহ নানান ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের তেমন কোন ওষুধ না থাকায় এটা নিবিড় পরিচর্যায় এ রোগ থেকে একমাত্র মুক্তির উপায় বলে জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর