শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

গোপীবাগে মিছিলে গুলির ঘটনায় পিএস আরিফুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর গোপীবাগে নির্বাচনী মিছিলে গুলির ঘটনায় মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পিএস আরিফুল ইসলামকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, পিএস আরিফুল গত ২৬ জানুয়ারি দুপুরে রাজধানীর ওয়ারী থানার এ আর কে মিশন রোডে রোকন উদ্দিন আহমেদের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের সামনে প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের লোকজনদের হত্যার উদ্দেশে পিস্তল দিয়ে সাত রাউন্ড গুলি ছোড়েন।

তিনি রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হেলমেট পরিহিত অবস্থায় প্রতিপক্ষের মিছিলে গুলি চালিয়েছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হাতিরঝিল থানার অস্ত্র মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক আব্দুল হক।

২৯ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরিফুল ছাত্রদলের সাবেক নেতা এবং বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পিএস (একান্ত সচিব)। তার বাড়ি বরিশালে। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com