শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জবাসী নদীকে ভালোবাসেন, নদীর প্রতি তাদের দায়িত্ববোধ অনেক, নদী রক্ষায় তারা সচেতন। নদী দখলকারির তালিকায় তাদের সংখ্যা সীমিত ও সর্বনিম্ন। এটা একটা আনন্দের বিষয়। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘১০ম চাঁপাই উৎসব’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর একটি সম্ভাবনাময় বন্দর। এ বন্দরটি ২০০১ সাল থেকে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। এখানে সরকারি বিনিয়োগ করা যাচ্ছে না। সরকারি বিনিয়োগের মাধ্যমে বন্দরকে অন্যতম স্থলবন্দরে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বন্দরে সহজে মালামাল পরিবহনের লক্ষ্যে ১২ কিলোমিটার রেলপথ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অল্প কিছুদিনের মধ্য আমরা মুজিব বর্ষে পদার্পণ করব। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন যৌবন বাংলার মানুষের মুক্তির জন্য ব্যয় করেছেন। তিনি বলেন, সত্যকে আঁকরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে, নতুবা আমরা পিছিয়ে যাব। ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে নিজেদের বন্ধনকে আরো শক্তিশালি করতে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসিদের প্রতি আহবান জানান।
সমিতির সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. উজির আলী, সাবেক সভাপতি প্রকৌশলী মাহতাবউদ্দিন।
নগরকন্ঠ.কম/এআর