শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সাতক্ষীরায় ছেলের সঙ্গে দ্বন্দ্বে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার কালীগঞ্জে বাড়ির গরুকে মারপিট করে জখম করার ঘটনাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে মারামারির একপর্যায়ে বাবা শামসুর রহমান ঢালি প্রাণ হারিয়েছেন।

তবে কেউ কেউ বলছেন শামসুর রহমান ছেলে মিয়ারাজ ঢালির তাড়া খেয়ে আত্মরক্ষা করতে গিয়ে হোঁচট খেয়ে প্রাণ হারিয়েছেন। অন্যরা বলছেন ছেলের লাঠির আঘাতে মারা গেছেন তিনি।

শনিবার কালীগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, বাবা শামসুর রহমান ও ছেলে মিয়ারাজ ঢালি সম্প্রতি একটি গরু ক্রয় করেন। গরুটি অন্যের ফসল নষ্ট করায় বাবা শামসুর রহমান গরুটিকে বেদম মারপিট করে জখম করেন।

ছেলে মিয়ারাজ গরুকে মারপিটের প্রতিবাদ করে বাবার নাম তুলে কদর্য ভাষায় গালাগাল করে। এ নিয়ে বাবা ও ছেলে দু’জনেই উত্তেজিত হয়ে একে অন্যকে লাঠিসোটা নিয়ে আক্রমণ করেন।

অভিযোগ পাওয়া গেছে, ছেলে মিয়ারাজের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

তবে অনেকে ভিন্নমত প্রকাশ করে বলেন, ছেলের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে ইটের ওপর পড়ে গিয়ে মারা যান শামসুর রহমান (৫৫)।

কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, তিনি ঘটনা শুনেছেন। শামসুর রহমানকে লাঠিপেটা করে হত্যা করা হয়েছে নাকি তিনি হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com