শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

রেল ব্যবস্থা হবে আধুনিক ও নিরাপদ: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের রেলপথ ব্যবস্থাকে আধুনিক, যুগপোযুগী নিরাপদ ও জনকল্যাণকর যাতায়াতের মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। রোববার সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ছাতক কংক্রিট স্লিপার কারখানা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলেট-ছাতক রেলপথকে সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করার কাজ দ্রুত শুরু করা হবে। পরে এই লাইন মোহনগঞ্জ-নেত্রকোনা হয়ে ঢাকার সঙ্গে সংযোগ করার পরিকল্পনা আছে সরকারের। শীঘ্রই ছাতক কংক্রিট স্লিপার কারখানা ব্রডগেজ স্লিপার উৎপাদন উপযোগী করে চালু করা হবে।

সিলেট-ছাতক রেলে তিনগুণ বগি বৃদ্ধি করার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ছাতকসহ দেশের বিভিন্ন অঞ্চলে অন্যের দখলে থাকা রেলওয়ের ভূমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি রেলওয়ের ভোলাগঞ্জ বাংকার ও পাথর খনি এলাকা পরিদর্শন করেন।

স্লিপার কারখানা পরিদর্শনকালে রেলওয়ে বিভাগের মহা পরিচালক মোহাম্মদ সামছুজ্জামান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, এডিজি (আই) ধীরেন্দ্র নাথ মজুমদার, চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মোহাম্মদ সুবক্তগীন, ঢাকার ডিভিশন্যাল জেনারেল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, সুনামগঞ্জের সহকারী জেলা প্রশাসক রাশেদ ইকবাল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমদ, এএসপি বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামালসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com