শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইব্রাহিম মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ।
এ ঘটনায় ওই বৃদ্ধের পরিবার বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন। রোববার সকালে থানা পুলিশ সূত্রে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও মামলার বিবরণী সূত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার ঘুইঙ্গাকুল গ্রামের বৃদ্ধ ইব্রাহিম মোল্লা ভ্যানে করে ধান বিক্রি করার জন্য গোপালপুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে একই এলাকার মিলন মোল্লার নেতৃত্বে হাবি মোল্লা ও আলী মোল্লাসহ বেশ কয়েকজন মিলে ইব্রাহিমকে প্রথমে মুখ বেঁধে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতের ভাই সিরাজুল মোল্লা বলেন, ‘বিনা অপরাধে ইব্রাহিম মোল্লার দুই পা ভেঙে দিয়েছে মিলন মোল্লা ও তার লোকজন। আমরা মিলনের বিচার চাই।’
তবে, অভিযুক্ত মিলন মোল্লা এ ঘটনা অস্বীকার করেছেন।
এ বিষয়ে উপজলোর ডাসার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরউদ্দিন বলেন, ‘কোর্টের নির্দেশ মোতাবেক তদন্ত অনুসারে মামলা থানায় রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নগরকন্ঠ.কম/এআর