শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

রাজধানীতে আনসার আল-ইসলামের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) বিভাগ। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ৪টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. নিজাম উদ্দিন, মো. রায়হান ভুইয়া, মো. হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ ও মুফতি মুসলিম উদ্দিন ওরফে মুসলিম।

রবিবার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ থানার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ এসব তথ্য জানান। সিটিটিসি বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইলিয়াছ শরীফ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ড সম্পাদনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসে একত্রিত হন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ ও অন্যান্য অনলাইনে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন।

তিনি বলেন, সম্প্রতি আনসার আল-ইসলামের নেতা আবু কায়সার ওরফে রনি’র নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com