শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আমজাদ হোসেন ভোলা (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতেই ওই পুত্রবধূর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জানা গেছে, আনুমানিক ৮ মাস আগে অভিযুক্ত ভোলার ছেলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। তবে ভোলার ছেলে কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। এই সুযোগে গত সোমবার আমজাদ হোসেন তার পুত্রবধূকে ধর্ষণ করেন। সে সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমজাদকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু সাজ্জাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেডিক্যাল টেস্টের জন্য সকালে ওই গৃহবধূকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন।
ধর্ষণের শিকার নারীর বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘এর আগেও ভয়-ভীতি দেখিয়ে আমজাদ হোসেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি গোপন থাকবে না বলে তিনি পুত্রবধূকে বাবার বাড়িতে যেতে দিতেন না।’
নগরকন্ঠ.কম/এআর