শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিকের উত্তর সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ কেন্দ্র পরিদর্শনে যান বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা। এ দিন মাদ্রাসার গণিত পরীক্ষা ছিল।
দণ্ডিত ব্যক্তি হলেন লক্ষ্মীপুর জেলা সদরের পূর্ব সৈয়দপুর গ্রামের সামসু উদ্দিন মিয়া ছেলে আবু নাছের (৩৬)। তিনি বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র সচিবের পাশের রুমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নৈর্ব্যক্তিকের উত্তরপত্র নিজে লেখে আগেরগুলো সরিয়ে নতুন নৈর্ব্যক্তিক উত্তরপত্র ১০টি জমা দেয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সোহেল।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ইউএনও মো. নাসির উদ্দিন সরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নগরকন্ঠ.কম/এআর