শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি হতে পারে এক অনন্য মাধ্যম: বিচারপতি ইমান আলী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মুহাম্মদ ইমান আলী বলেছেন, ‘মেডিয়েশন বা মধ্যস্থতা প্রক্রিয়ায় কোন বিরোধ নিষ্পত্তি হলে সেখানেই বিরোধের সমাপ্তি ঘটে। কিন্তু আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থায় নিষ্পত্তির ক্ষেত্রে আপিল বিষয়ক পর্যায় থাকে। যার ফলে বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে ৩৫ লাখের বেশি মামলা বিচারাধীন। মামলার অধিকার এমন প্রেক্ষাপটে বলতেই হয়, ‘জাস্টিস ইস বাউন্ড টু ডিলেইড।’ তাই এক্ষেত্রে বলা যায় মেডিয়েশন বা মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি হতে পারে এক অনন্য মাধ্যম।’

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ‘বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ইমান আলী এসব কথা বলেন।

আরো পড়ুন: বাংলাদেশ বিষয়ে ট্রাম্পকে জানাতেই ঢাকা ঘুরে গেলেন ভারতে নিযুক্ত মার্কিন দূত

মূল নিবন্ধে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল বলেন,‘ সংবিধানের অনুচ্ছেদ ২৭ মোতাবেক সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু বাস্তব সত্য হল, এদেশের বেশিরভাগ নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত। কেননা আদালত কেন্দ্রিক আমাদের বিচার ব্যবস্থা এত জটিল এবং প্রচুর সময় অর্থ সাপেক্ষ যে সাধারণ মানুষ আদালতের দরজায় পৌঁছাতেই পারে না। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে আমাদের যে আদালত কেন্দ্রিক বিচারব্যবস্থা তা শুধুমাত্র হাতেগোনা কিছু সুবিধাভোগী শ্রেণির এবং আর্থিকভাবে সামর্থ্যবান জনগণের জন্য। এমনকি ৩০ লক্ষাধিক মামলায় ভারাক্রান্ত আদালত থেকে সেই হাতেগোনা মানুষও সময়মতো বিচার পাচ্ছেন না। এমন একটি অবস্থায় আমি মনে করি বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন বা মধ্যস্থতা পদ্ধতি সবচেয়ে শ্রেষ্ঠ ও উত্তম পদ্ধতি হিসেবে জনগণের আইনের সমান অধিকার প্রাপ্তিতে মুখ্য ভূমিকা রাখতে পারে।’

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র্র নাথ গোস্বামী। অনুষ্ঠান শেষে নৃত্যকলায় মেডিয়েশন শীর্ষক নাচ পরিবেশন করেন ভারত থেকে আগত নৃত্যদল। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী পঙ্কজ কুমার কুন্ডু।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com