শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

পরীক্ষাকেন্দ্রে সহযোগিতার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে ছিদ্দিক হোসেন (৫৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্প্রতিবার (১৩ই ফেব্রুয়ারি) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছিদ্দিক হোসেন এগারসিন্দুর ঈশাখাঁন আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানা যায়, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ২৩ নম্বর কক্ষে অননুমোদিত উপায়ে প্রবেশ করে শিক্ষার্থীদের সহযোগিতা করতে থাকেন দণ্ডপ্রাপ্ত ছিদ্দিক হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ঐ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান। তাৎক্ষণিক তাকে মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, পাবলিক পরীক্ষাসমূহের (অপরাধ)১৯৮০ এর ১০ ধারা মোতাবেক ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com