শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শ্রেষ্ঠ নবী ও খাতামান্নাবেঈন হজরত মুহাম্মদ (সা.) এর অতুলনীয় জীবনাদর্শ সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সুন্দরবনে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আঞ্চলিক জলসা।
শনিবার সন্ধ্যায় বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জাতীয় আমীর আলহাজ্জ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরীর দোয়া পরিচালনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্যে আমীর বলেন, শান্তির চাবিকাঠি বিশ্ব ঐক্য। মুসলমানদের মাঝে আজকে একটিই মাত্র অভাব রয়েছে আর তা হল ঐশী খলীফা। আজ বিশ্বব্যাপী কেবলমাত্র আহমদীয়া মুসলিম জামাতেই সেই একক ঐশী খলীফা বিদ্যমান। যার নেতৃত্বে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ প্রকৃত ইসলামের কাজে রত এবং লাখ লাখ পথহারা মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আহমদীয়া মুসলিম জামাতের খলীফা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন।
আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় আমীর তার বক্তব্যের শেষ দিকে সকল আহমদিকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনার এবং আহমদিয়া খলীফার সকল আদেশ নিষেধ এর ওপর আমল করার আহ্বান জানান।
এছাড়া খাতামান্নাবেঈন হজরত মুহাম্মদ (সা.) এর অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব এ বিষয়টিও পবিত্র কোরআনের আলোকে বক্তাগণ তুলে ধরেন। সেই সাথে খাতামান্নাবেঈন শব্দের যত অর্থ আছে সব অর্থেই মহানবী (সা.)কে আহমদীয়া মুসলিম জামাত যে খাতামান্নাবেঈন হিসেবে বিশ্বাস করেন ও মানেন সেই বিষয়টিও স্পষ্ট করা হয়।
আরও পড়ুন: রানওয়েতে ঘণ্টায় ২২২ কিমি বেগে ছুটন্ত প্লেনের সামনে গাড়ি!
দুইদিন ব্যাপী অনুষ্ঠানে বর্তমান বিশ্বে প্রযুক্তির মাধ্যমে ইসলাম প্রচারের ওপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহান শাহ আজাদ, মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান, মাওলানা শাহ মুহাম্মদ নুরুল আমীন, মাওলানা আরিফুর রহীম, মাওলানা আমির হোসেন, জি এম মোবারক আহমদ, ডা: এনামুর রহমান সাদাফ প্রমুখ। এ জলসায় কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
নগরকন্ঠ.কম/এআর