শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার শিয়াপাড়ায় ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে বাসিন্দারা। কেউ মারা গেলে গলাপানিতে ভিজে লাশ নিয়ে কবরস্থানে যেতে হয় এলাকাবাসীকে।
এ সমস্যা দীর্ঘদিনের হলেও কোনো সমাধান মিলছে না। কিন্তু ওই গ্রামে কোনো লোক মারা গেলে ফুটে উঠে এলাকার আসল চিত্র। সর্বশেষ শনিবার এই চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয় এলাকার মানুষকে।
জানা গেছে, শনিবার গর্জনিয়া বাইশারী ইউনিয়নের হরিণ খাইয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ প্রকাশ মুজারু (৭৮) মৃত্যুবরণ করেন। সেই বীর মুক্তিযোদ্ধার লাশ শনিবার বিকালে শিয়াপাড়া জামে মসজিদ কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়ার সময় করুন পরিণতির সৃষ্টি হয়।
গর্জনিয়ার শিয়াপাড়ার মানুষকে মুখোমুখি হতে হয় অমানবিক ও নিষ্ঠুর বাস্তবতার। শুধু তাই নয়, জানাজায় অংশ নিতে কেউ বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে। আবার কেউ গলা পর্যন্ত পানিতে ভিজে কবরস্থানে যান।
এলাকার মুরব্বি আবুল কালাম জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এগুলো দেখেও নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। অথচ স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেকবার এই স্থান পরিদর্শন করেছেন। কিন্তু আশ্বাসের বাণী শুনিয়ে এলাকা ত্যাগ করেন। কাজের কাজ কিছুই করতে পারেননি।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল জব্বার বলেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানকে এই ভোগান্তির কথা অনেকবার বলেছি। কিন্তু তারা কেউ কথা শুনেননি।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে একাধিকবার মোবাইলে কল দেয়ার পরও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নগরকন্ঠ.কম/এআর