শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

বিদেশি পর্যটককে বিরক্ত করায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে এক বিদেশি পর্যটককে বিরক্ত করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া থেকে মো. সালমান (১৯) নামের ওই যুবককে আটক করা হয়।

নাটমুড়া পাড়ার আব্দুল খালেকের ছেলে মো. সালমান স্থানীয় কলেজের উচ্চ মাধ‌্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একজন বিদেশি পর্যটক কয়েকজন যুবকের সঙ্গে কথা বলছেন। যুবকরা ওই পর্যটককে নানাভাবে বিরক্ত করছেন। বিভিন্ন কথা ইংরেজিতে জিজ্ঞেস করছেন, যা অনেকটা আপত্তিকর। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেকবার অশ্লীল শব্দ ব্যবহার করেছেন তারা। স্বাভাবিকভাবেই ভদ্রলোক বিরক্ত হচ্ছিলেন, স্পষ্ট বোঝা যাচ্ছিল।

তিনি জানান, এ ভিডিও দেখে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে পর্যটককে বিরক্ত করা যুবকদের শনাক্ত করে মো. সালমানকে আটক করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com