শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দেশে আজ আর কেউ না খেয়ে থাকে না : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, গত ১১ বছরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ আর দেশে কেউ না খেয়ে থাকে না। দেশ আজ যোগাযোগবিহীন বিদ্যুৎবিহীন নয়, দেশে আজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ইচ্ছে করলেই যে কেউ রোজগার করতে পারে।

তিনি বলেন, দেশের সব মানুষ প্রযুক্তির সেবা পাচ্ছে। যারা আমাদের শোষন করেছে, তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের আজ কাজের জন্য লন্ডন যাওয়ার দরকার নেই।

শনিবার বেলা ১১টায় যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় সুনামগঞ্জে দিরাই পৌর সদরের নতুন বাগবাড়ি এলাকায় নির্মিত প্রবাসী উচ্চবিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা হচ্ছে মূল চাবি। যে চাবি দিয়ে সব দুয়ার খোলা যায়, সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া যায়। শিক্ষা থাকলে আর কোনো ভয় থাকে না।

তিনি বলেন, দেশ এগিয়ে নেয়ার জন্য সবচেয়ে বড় হল নেতৃত্ব। নেতৃত্ব ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না, উন্নয়নও হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ গোলামী থেকে মুক্ত হয়েছিল। আর বঙ্গুবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com