শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বাঘায় দলের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের পদে না আনার দাবি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের অষ্টম কাউন্সিল এবং আগামী ১৭ মার্চ মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে উৎসব পার্কের একটি কক্ষে অনুষ্ঠিত সভায় দলের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের পদে না আনার দাবি জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বলেন, আগামীতে দলকে শক্তিশালী করতে সাংগঠনিক ভাবে সক্রিয় কর্মী এবং ত্যাগী নেতাদের পদে আনতে হবে। যারা দলের পদে থেকে বিগত ইউনিয়ন পরিষদ ও পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে মোস্তাকের মতো বেইমানী করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের এবার কোনো ভাবেই পদে আনা যাবে না।

সভায় ৭১৪ কোটি টাকা ব্যয়ে বাঘা উপজেলা পদ্মা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং ৫৫৪ কোটি টাকা ব্যয়ে বানেশ্বর-ঈশ্বরদী হাইওয়ে রাস্তা উন্নয়ন প্রকল্পসহ চলতি অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানানো হয়।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমি আপনাদের ভালবাসা নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। এ প্রাপ্তি এ দেশের অহংকার ও উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার।

আগামী কয়েক মাসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের একটি স্বচ্ছ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এই মহান উৎসব উদযাপনের লক্ষে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে যার ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ ফিরে পেয়েছি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী জাঁকজমক ভাবে পরিপূর্ণ করতে চাই। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার দুই পৌরসভা ও সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপজেলা সদরে অবস্থিত মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের প্রধান গেট ও সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com