শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে উপজেলার জিয়নপুর ইউনিয়নের পংতিরছা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মনু মিয়া (৪২)। তিনি ওই গ্রামের আবদুল গণি মিয়ার ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পংতিরছা গ্রামে পারিবারিক বিষয় নিয়ে মনু মিয়ার সঙ্গে প্রতিবেশী সায়েদ মোল্লার বিরোধ ছিল। শনিবার দুপুরে মনু মিয়া তার বাবা-মাকে দেখভাল করেন না বলে অন্য প্রতিবেশীদের জানান সায়েদ। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে দুজনের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় লাঠির আঘাতে মনু মাথায় গুরুতর আঘাত পান। এর পর তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, এ ঘটনায় সায়েদ ও তার ছেলে মো. রাজিনকে আটক করা হয়েছে। সংঘর্ষে আহত সায়েদকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com