শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ট্রাকে চাঁদাবাজি, হাতেনাতে আটক ঢাবির দুই ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বালুর একটি ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আটক দুজনই ছাত্রলীগের কর্মী। শনিবার ভোরে রাজধানীর হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।

আটক দুই শিক্ষার্থী হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মান তৃতীয় বর্ষের জুবায়ের আহমেদ শান্ত (২০) ও অপরাধ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আল আমিন (২১)।

দুজনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান, এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ট্রাকের সুপারভাইজার মো. সোহেল রানা।

ওসি বলেন, হাইকোর্ট থেকে একটু সামনে পানির পাম্পের পাশে ট্রাকটির চাকা নষ্ট হয়ে যায়। তখন ওই দুই শিক্ষার্থী সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে চালককে মারধর করতে থাকেন। একপর্যায়ে তারা চালকের রকেট অ্যাকাউন্ট থেকে জোড় করে টাকা নেন।

এসময় ট্রাকের অপর একজন পালিয়ে এসে হাইকোর্টের পাশে থাকা টহল পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, চাঁদাবাজির করার সময় দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে আমাদেরকে জানিয়েছে পুলিশ। এখন তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ব্যবস্থা নেবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com