শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

খুলনায় যুবককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় সুব্রত মণ্ডল (৩২) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন আমতলার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুব্রত মণ্ডল উপজেলার বানিশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামের হৃদয় মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় সুব্রত বাড়িতে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। এর পর সে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। পরে তার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। রাতে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঢাংমারী গ্রামের বিনয় কৃষ্ণ সরদার জানান, রাত সাড়ে ৮টার দিকে ফোন পেয়ে সুব্রত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়া গেলেও রাত আড়াইটার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি আমতলা-পাইকবাড়ি সংলগ্ন রাস্তার ওপরে পাওয়া যায়। সোমবার ভোরে রাস্তা থেকে তিনশ গজ দূরে আমতলার বিলের মধ্যে সুব্রতর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিহত সুব্রত মণ্ডলের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com