শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ক্লাসে ঢুকে স্কুল শিক্ষিকার হাত ভেঙ্গে দিল অভিভাবক!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহের কালীগঞ্জে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে সুলতানা রিজিয়া নাসরিন নামে এক স্কুল শিক্ষিকার হাত ভেঙ্গে দিয়েছে আব্দুল আলিম নামে এক অভিভাবক ও তার স্ত্রী নূর জাহান। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অফিসকক্ষ ভাংচুর করে ওই অভিভাবক। এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর শহরের মডেল সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর দোষী ব্যক্তির শাস্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আহত শিক্ষিকাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চণা রাণী জানান, ঘটনার দিন সকালে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির জুয়াইরিয়া লাবিবা নামের এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে মনযোগী না হওয়া বকাঝকা করে। দুপুরে ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি চলে যায়। এরপর দুপুর দুইটার পর ওই মেয়ের বাবা আব্দুল আলিম ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিসরুমে প্রবেশ করে। এরপর কেন তার মেয়েকে বকা হয়েছে তার কৈফিয়ত চায়। আমিসহ স্কুলের সহকারীরা তাকে বোঝানোর চেষ্টা করি যে তেমনকিছু হয়নি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে টেবিলের ওপর থাকা একটি গ্লাস ছুড়ে মারে। এতে নাসরিন নামে এক শিক্ষিকার হাত ভেঙ্গে জখম হয়। পরে আরো উত্তেজিত হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

আরো পড়ুন: পিস্তল হাতে পাপিয়ার টিকটক ভিডিও ভাইরাল

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ জানান, অন্যায় করলে তার ব্যবস্থা অফিশিয়ালি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু অফিস চলাকালীন সময়ে একজন শিক্ষকের ওপর হামলা মেনে নেওয়া যায় না। আমরা দোষী ব্যক্তির শাস্তির দাবিতে বিকালেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি তাৎক্ষণিকভাবে থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, আমি বিকালে লিখিত অভিযোগ পাওয়ার পর কালীগঞ্জ থানার ওসিকে জানিয়েছি মামলা নিতে। এছাড়া যত দ্রুত সম্ভব হামলাকারী অভিভাবক আব্দুল আলিমকে আটক করতে নির্দেশ দিয়েছি।

এই ঘটনায় ২ জনকে আসামি করে শিক্ষিকা রিজিয়া নাসরিন থানায় মামলা দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, ঘটনাটি আমলে নিয়ে মামলার এজাহার ভুক্ত আসামি আলিমের স্ত্রী নুর জাহানকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com