শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লায় কিশোরী ধর্ষণের অভিযোগে খালু জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লায় কিশোরী এক ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে আবুল হাসেম (৪০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর সংরাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

হাসেম জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নগরীর সংরাইশ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। ধর্ষক ওই কিশোরীর আপন খালু।

মামলার অভিযোগে জানা যায়, ধর্ষিতা ওই কিশোরীর বাবা মারা যাওয়ার পর কাজের সন্ধানে তার খালু আবুল হাসেমের বাড়িতে আসে। সেখানে থেকে সে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করে আসছিল। গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় ইপিজেডে কাজ শেষে বাসায় ফেরার পর আবুল হাসেম তাকে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে তার খালা এবং বাকপ্রতিবন্ধী মাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর থেকে আবুল হাসেম বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ হাসেম গত ১৫ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে। বর্তমানে ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনায় ধর্ষিতা ওই কিশোরী বাদী হয়ে আবুল হাসেমকে আসামি করে সোমবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার সকালে আবুল হাসেমকে গ্রেফতার করা হয়। থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, আসামি আবুল হাসেম কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com