শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাবো না : রাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। এ বিশ্ববিদ্যালয় আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

সভা শেষে ব্রিফিং পর্বে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত ব্যক্তি পর্যায় থেকে নেওয়া হয় না। সব সিদ্ধান্তই সংশ্লিষ্ট পর্ষদ বা বডিতে আলোচনা করে মতামতের ভিত্তিতে নেয়া হয়।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিলো। আমাদের একাডেমিক কাউন্সিল তা নাকচ করে দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস না হওয়ার একটা গৌরব বয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের একটি আশঙ্কা থেকেই যায়।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, অনেকেই মনে করেন যে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ হচ্ছে অর্থ উপার্জন। কিন্তু আদতে এটি সত্য নয়। কয় টাকাই পাওয়া যায় ভর্তি পরীক্ষায়! টাকা এখানে কোনো বিষয় নয়।

এর আগে গত বুধবার বুয়েট ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রস্তাব অনুযায়ী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে সমন্বিত পরীক্ষায় কারা অংশগ্রহণ করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগামী ২৬ ফেব্রুয়ারি ফের বৈঠক আহ্বান করেছে ইউজিসি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com