শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় চাঁদাবাজির সময় আটককৃত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে দুই শিক্ষার্থীকে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জোবায়ের আহমেদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আল আমিন। তাঁরা দুজনই তৃতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র তাঁরা।
২২ ফেব্রুয়ারি ভোরে হাইকোর্ট মোড় এলাকায় ট্রাক আটকে চাঁদাবাজি এবং চালক ও সুপারভাইজারকে মারধর করেন জোবায়ের ও আল আমিন। সেখান থেকে হাতেনাতে পুলিশ ওই দুজনকে আটক করে। ট্রাকের সুপারভাইজার বাদী হয়ে সেদিনই শাহবাগ থানায় ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় দুজনই এখন কারাগারে আছেন।
নগরকন্ঠ.কম/এআর