শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাবি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত স্নাতক প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কানিজ বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৩৬তম একাডেমিক সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে প্রথম আলোচনা হয়। সেদিন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিশেষ একাডেমিক সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী মঙ্গলবার বিশেষ একাডেমিক সভায় বসেন সদস্যরা। সভায় উপস্থিত ৪০ জন সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে রাজি হননি। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার চলমান নিজস্ব নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

রহিমা কানিজ আরও বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আচার্য যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সে সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। এ বছর যদি সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করবে।

আরও পড়ুন: শেষ হলো রিফাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, উপস্থিত ছিলেন মিন্নি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার বিষয়টি জটিল ও অস্পষ্ট। এছাড়া কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা বিরোধী এবং ভবিষ্যতের জন্য অকল্যাণকর বলে মনে করছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে অভিমত প্রকাশ করেন। তবে ইতিমধ্যে বুয়েট, চবি, ঢাবি ও রাবি সমন্বিত ভর্তি পরীক্ষা অংশ নেবে না বলে জানিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com