বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যায় দায়ের করা মামলায় চাচা নূরে আলমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই আশরাফুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরপর গত ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তা আটকিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইয়ের ছেলে মঈন উদ্দিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে নূরে আলম। এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-শুনানি শেষে মামলার প্রায় সাড়ে তিন বছর পর আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।
নগরকন্ঠ.কম/এআর