বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ভুয়া পরীক্ষার্থী সেজে জামিনে ব্যর্থ ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এবার আদালতে ভুয়া পরীক্ষার্থী সেজে জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন চাঁদাবাজি ও ভাংচুর মামলার আসামি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম। আদালতে তার দাখিলকৃত পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র ভুয়া প্রমাণিত হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভুয়া পরীক্ষার্থী দেখিয়ে ২৭ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে নাঈমের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ব্যবস্থা নিতে রাজশাহী কলেজ ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

এদিকে কারা কর্তৃপক্ষ তার পরীক্ষা সংক্রান্ত নথিপত্র রাজশাহী কলেজে যাচাই-বাছাইয়ে পাঠালে জালিয়াতি ধরা পড়ে। আদালতে দাখিলকৃত নথিতে নাঈমকে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থী, (পরীক্ষা কেন্দ্র ২০৮ সরকারি সিটি কলেজ, রোল নম্বর- ৬১৯৯০৫৮, নিবন্ধন নম্বর-১২১৩২৩২৯৫৬২ এবং শিক্ষাবর্ষ ২০১৩-২০১৪) দেখানো হয়। কিন্তু আদালতে দাখিলকৃত রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করে দেখা যায়, ওই নথিপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলামের।

খোঁজ নিয়ে জানা যায়, উক্ত রাশেদুল ইসলাম কলেজ ছাত্রলীগের সদস্য ও নাঈমের অনুসারী। কলেজ ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল-ব্লক নিয়ন্ত্রণ করেন রাশেদুল। তার বিরুদ্ধেও রয়েছে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্মে জড়ানোর অভিযোগ।

রাজশাহী কলেজের রেকর্ড অনুযায়ী নাইমুল হাসান ২০১২-১৩ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার পর তৃতীয়বর্ষে অনিয়মিত। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষে বিশেষ বিবেচনায় ২০১৮ সালের অনার্স ৩য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরমপূরণের সুযোগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই পরীক্ষার সমময়সূচি এখনো ঘোষিত হয়নি।

রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, বিজ্ঞ আদালতের নথিতে নাইমুল হাসানকে ২০১৯ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার্থী দেখানো হয়েছে। তার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র যাচাইয়ে কলেজ ও কেন্দ্র সচিবের কাছে পাঠানো হয়। কিন্তু তিনি পরীক্ষার্থী নিশ্চিত না হওয়ায় তার জামিন এমনকি পরীক্ষায়ও বসা হয়নি।

নাঈমের জালিয়াতি নিশ্চিত করে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, কারাগার থেকে যাচাইয়ের জন্য পাঠানো নথিপত্র ভুয়া। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবিষয়ে কেন্দ্র সচিব ও রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানাউল্লাহ্ শেখ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কোচিং সেন্টারে চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম। একই মামলায় পলাতক তার আরও ৫ সহযোগী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com